মঠবাড়িয়ায় প্রতিবন্ধি’র বসতঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ
জেলার মঠবাড়িয়ায় একটি হতদরিদ্র পরিবারের বসতঘর ভেঙ্গে নিশ্চিহ্ন করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ এনে ১১ জনকে আসামি করে অসহায় লিলি বেগম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার জরিপেরচর গ্রামের প্রতিবন্ধি জাহাঙ্গীর হোসেনের স্ত্রী লিলি বেগম ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে ঘর তুলে বসবাস করে আসছিলেন। ওই বসত ঘরের জমি নিয়ে প্রতিপক্ষ একই এলাকার মৃত কাদের মোল্লার ছেলে শাহ আলমের সাথে বিরোধের জের ধরে গত ১৯ অক্টোবর ভোর রাতে শাহ আলম ও তার চাচাত ভাই স্থানীয় ইউপি সদস্য মোস্তফার নের্তৃত্বে ১৫/২০ জনের একটি দল লিলি বেগম ও তার ছেলে ইমনকে জিম্মি করে ঘর ভেঙ্গে দিয়ে জমি দখল করে নেয়। এ সময় ঘরের টিন, কাঠ, আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
মঙ্গলবার সকালে সরেজমিনে গেলে একাধিক এলাকাবাসী জানান, ওই বিরোধীয় জমিতে লিলি বেগম ঘর উত্তোলন করে র্দীর্ঘদিন ধরে বাসবাস করে আসছিল। এভাবে ঘর ভেঙ্গে জমি দখল করা অন্যায়।
এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে ওই বিরোধীয় জমির বৈধ কাগজপত্র তাদের নামে রয়েছে বলে দাবী করেন।
এ বিষয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। বাড়িঘর ভেঙ্গে জমি দখল করার ঘটনা অমানবিক ও দুঃখজনক।
