প্রধান সূচি

চিতলমারীতে স্কুল অডিটের নামে অর্থ আদায়ের ঘটনায় অভিযোগ দায়ের

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় অডিটের নামে অর্থ আদায়ের ঘটনায় এক সহকারী শিক্ষা পরিদর্শকের বিরুদ্ধে শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ঘটনার তদন্ত দাবি করেছে শিক্ষকরা। বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ জুন উপজেলার চরবানীয়ারী ইউনিয়ন বালিকা বিদ্যাপীঠসহ মোট ৭টি বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মো: কাওসার হোসেন পরিদর্শনে অসেন। পরিদর্শন কালে তিনি এসব স্কুলের কাগজপত্র দেখে শিক্ষকদের নানা ধরণের ত্রুটি ও সমস্যা তুলে ধরেন। এসব ত্রুটির কারণে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যেতে পারে বলে ভয় দেখানো হয়। বিষয়টি সমাধানের জন্য ৬ জুন এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা ডাকবাংলোয় তার সাথে সাক্ষাত করতে বলেন। এদিন ওইসব শিক্ষকরা সহকারী শিক্ষা পরিদর্শক মো. কাওসার হোসেনের সাথে ডাকবাংলোয় দেখা করতে গেলে তিনি প্রতি বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ১ মাসের বেতনের টাকা দাবি করেন। দাবিকৃত আর্থ দিতে ব্যর্থ হলে স্কুলের এমপিও বাতিল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে ৬টি বিদ্যালয় থেকে দাবিকৃত অর্থ কয়েক দিন আগে পরিশোধ করা হলেও চরবানীয়ারী ইউনিয়ন বালিকা বিদ্যাপীঠ এ অর্থ দিতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে চরবানীয়ারী ইউনিয়ন বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ ঘরামী বাদী হয়ে শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মো. কাওসার হোসেনের বিরুদ্ধে গত মঙ্গলবার জেলা শিক্ষা অফিসসহ সংশি¬ষ্ট দপ্তরে স্কুল অডিটের নামে অর্থ আদায়ের অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ঘটনার তদন্ত দাবি করেছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চরবানীয়ারী ইউনিয়ন বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ ঘরামী জানান, স্কুল অডিটের নামে তাদের প্রতিষ্ঠানের নানা ত্রুটি ও সমস্যা দেখিয়ে শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মো. কাওসার হোসেন সব শিক্ষকদের ১ মাসের বেতন প্রায় ৩ লাখ টাকা তাদের কাছে দাবি করেন। অবনী নামে এক প্রধান শিক্ষকের মাধ্যমে এ অর্থ লেনদেন করতে বলা হয়। এ টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে ওই স্কুলের এমপিও বাতিল করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় কোন উপায়ন্ত না পেয়ে তিনি নিজেই বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বলে অভিমত দেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা চরম হতাশায় ভুগছেন।

এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোঃ কাওসার হোসেনের ০১৭০৬৯৮০৮০৯/ ০১৯২৬৭১১৬৫০ নম্বর মোবাইলে বার বার কল করা হলেও সেটি তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশীদের  সাথে টেলিফোনে কথা হলে  তিনি জানান, বিষয়টি খতিয়ে  দেখা হচ্ছে। এ জাতীয় অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial