ঈদুল আযহাকে সামনে রেখে পাইকগাছায় চাঁদাবাজরা বেপরোয়া
পাইকগাছা প্রতিনিধি :
ঈদুল আযহাকে সামনে রেখে পাইকগাছায় চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। গত রবিবার স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তিন পেশাদার ছিনতাইকারীকে আটক করে। পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজির খবর গুলো ব্যাপক ভাবে প্রচার পাচ্ছে। ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হয়েছে, বাজারের এক কাপড় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নিয়ে বিপাকে যুব সেচ্ছা সেবক লীগের সভাপতি আসিফ ইকবাল রনি। জানাগেছে, গত রবিবার বিকালে কাপড় ব্যবসায়ী এ টু জেড নামক দোকানের মালিক মোঃ লিটিল কিছু কাপড় নিয়ে দোকানে আসছিলো। পথিমধ্যে শিববাড়ি বাজার রোডে রনির নেতৃত্বে কয়েকজন তার গতিরোধ করে এবং তার কাছে অবৈধ ভারতীয় কাপড় আছে বলে তার কাছে চাঁদা দাবী করে এবং কয়েকটি শাড়ী নিয়ে নেয় রনি সহ তার সঙ্গীরা এবং মোটা অঙ্কের টাকা চাঁদা দাবী করে তা না হলে তাকে পুলিশে দিবে। কাপড় ব্যবসায়ী লিটিল তাদের বলে চাঁদার টাকা তার দোকান গিয়ে নিতে। পরদিন রনির লোক দোকানে চাঁদার টাকা আনতে গেলে বাজারের ব্যবসায়ীরা বিষয়টি জানতে পারে। ব্যবসায়ীরা একত্রিত হয়ে আসার আগে রনি সহ তার লোকরা ২৪০০ টাকা নিয়ে সরে পড়ে। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে যেমন চাপা ক্ষোভ বিরাজ করছে তেমনি ব্যবসায়ীরা রয়েছে আতঙ্কে। রনির বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
বাজারে এ চাঁদাবাজী ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে এ টু জেড এর মালিক মোঃ লিটিল বলেন, বিষয়টি মিটে গেছে আর নিউজ করার দরকার নেই। আমি আতঙ্কগ্রস্ত। চাঁদাবাজীর বিষয়টি আসিফ ইকবাল রনি বলেন, বিষয়টি আমি জানতাম না, জেনে ঘটনাস্থলে উপস্থিত হই এবং বিষয়টি মিটে গেছে বলে তিনি দাবী করেন। চাঁদাবাজীর ঘটনার বিষয়ে জানতে চাইলে ষোলআনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু বলেন, বিষয়টি আমি শুনেছি এবং জেনেছি কিন্তু ভূক্তভোগী ব্যবসায়ী কোন লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, বিষয়টি আমি জানিনা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।
