মঠবাড়িয়ায় কে.এম. লতীফ ইনষ্টিটিউশন জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী কে. এম. লতীফ ইনষ্টিটিউশন জাতীয়করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় স্কুলের সামনে থেকে তুষখালী সড়কের যানচলাচল বন্ধ রেখে প্রায় দুই কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে শহীদ মিনার সম্মুখ সড়কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সদস্য সালাহ উদ্দিন ফারুক, প্রাক্তন সদস্য হারুন অর রসিদ, শিক্ষক মোঃ মনিরুজ্জামান, জায়েদা ইসলাম, প্রেসক্লাব
সভাপতি আব্দুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেতা ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, শিক্ষার্থী সাদিয়া রহমান, জান্নাত বিনতে জাহাঙ্গীর, সাদিয়া হক ইফতি, রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল মুয়াজ, মাশরুখ আল ওয়াসি প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য এবং পিরোজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দুপুরে কে. এম. লতীফ ইনষ্টিটিউশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয়করণের সকল শর্ত পূরণ হলেও রহস্যজনক কারণে বিদ্যালয়টি জাতীয়করণ হচ্ছেনা। অনতিবিলম্বে বিদ্যালয়টি জাতীয়করণ করা না হলে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা করেন তিনি।
বিকেলে ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল পিরোজপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
