জলবায়ু অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসন বিষয়ে
এলজিইডি কর্র্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
পিরোজপুরের সচেতন নাগরিক কমিটি (সনাক) উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির)’র সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সাথে জলবায়ু অর্থায়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ নাসিম হাসান, ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম চৌধুরী, ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী (ইন্দুরকানী) মোহাম্মাদ হাজ্জাজ মিয়া, কাউখালী উপজেলা প্রকৌশলী এ. এস. এম জাফরউল্লাহসহ অন্যান্য কর্মকর্তাগণ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সিএফজি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ রুহুল আমীন। এসময় জলবায়ু অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ বিষয়ে টিআইবি’র অভিজ্ঞতা ও প্রত্যাশা উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই পুলক রঞ্জন পালিত।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পিরোজপুর কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাস্তবায়নরত “জলবায়ু পরিবর্তন প্রভাবে দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্প” বিষয়ে মতবিনিময় করা হয়। উল্লেখিত বাস্তবায়নরত প্রকল্পের বর্তমান অবস্থা, প্রকল্পের অসম্পাদিত কার্যক্রম, জনসম্পৃক্ততার জন্য জনঅংশগ্রহণমূলক (নারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সংখ্যালঘু, আদিবাসী) কমিটি গঠন, জনসম্পৃক্ততার জন্য গণশুনানী আয়োজন, প্রতিষ্ঠান কতৃক স্ব-প্রণোদিত তথ্য প্রদান, তথ্যবোর্ড স্থাপন, তথ্যপত্র প্রকাশ, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ও তার নামের বোর্ড স্থাপন, পরামর্শ ও অভিযোগ বক্স স্থাপন, তথ্য প্রদান ও রেজিষ্টার ব্যবহার, অভিযোগ নিস্পতির কৌশল এবং অভিযোগ রেজিস্টার ব্যবহার, ইত্যাদি প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতবিনিময় সভার আলোচনায় আরো অংশগ্রহণ করেন সনাক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, স্বজন সদস্য দীপ্তি রায় প্রমূখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই পুলক রঞ্জন পালিত এবং কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ।
