মঠবাড়িয়ায় উফশী আউশ ব্রি-৪৮ ধান কর্তন ও মাঠ দিবস
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়া উপজেলায় শনিবার বিকেলে উচ্চ ফলনশীল আউশ ধান ব্রি-৪৮ এর শস্য কর্তন শুরু হয়েছে। মঠবাড়িয়া উপজেলা সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে তুষখালী কৃষি ব্লকে স্থানীয় তুষখালী কলেজ মিলনায়তনে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর এর উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার শস্যকর্তন ও কৃষক মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তুষখালী কলেজে মঠবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, তুষখালী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার কর্মকার, প্রভাষক লোকমান হোসেন, স্থানীয় কৃষক ফজলুর রহমান ও হেমায়েত খান প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, সরকারের রাজস্ব খাতের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১১ ইউনিয়নে ৩০টি কৃষি প্রদর্শনী প্লটে ৪ হাজার ৫৪০ হেক্টর ব্রি-৪৮ জাতের উচ্চফলনশীল ধানের আবাদ করা হয়। কৃষকরা আউশ ধান আবাদ করে এবার আশানুরুপ ফলন পাচ্ছেন। উচ্চ ফলনশীল ব্রি-৪৮ আউশ জাতের ধানের আবাদে হেক্টর প্রতি সাড়ে পাঁচ টন থেকে ছয় টন ধানের ফসল উত্তোলন করা সম্ভব হবে।
তুষখালী গ্রামের কৃষক হেমায়েত খান জানান, এ বছর ব্রি-৪৮ জাতের আউশ ধানের আবাদ করে লাভবান হয়েছেন। আবহাওয়া অনুকুলে থাকা ও ধানে পোকামাকড়ের আক্রমন কম থাকায় এলাকার কৃষকরা ব্রি-৪৮ জাতের আউশ ধান আবাদে লাভবান হবে।
