প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় উপকূলে দোয়া ও মোনাজাত
স্টাফ রিপোর্টার :
মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের আশুরোগ মুক্তি কামনা করে পিরোজপুরসহ উপকূল এলাকায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর, মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, এম এ রব্বানী ফিরোজ, সভাপতি শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম, শিরীনা আফরোজ, সহ-সভাপতি খালিদ আবুসহ ক্লাব সদস্যবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, কৃষিবিদ জগৎ প্রিয় দাস, উন্নয়ন সংগঠক মাইনুল হাসান মুন্না প্রমুখ। সাংবাদিকবৃন্দ এ সময় পিরোজপুরের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের কিংবদন্তি সেনাপতি মেজর জিয়াউদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করেন। সকালে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজে কলেজ প্রতিষ্ঠাতা মেজর (অব) জিয়াউদ্দিনের রোগ মুক্তি কামনা করে কোরআনখানী, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, ঈশ্বর চন্দ্র দাস, নিবাস কান্তি মজুমদার, প্রভাষক মো. শাহ আলম সেখ, গাজী এনায়েত হোসেন, সেলিনা বেগম, খুরশীদ জাহান, মমতা রানী মিস্ত্রি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গতকাল জোহর বাদ এক দোয়া, মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, আবু জাফর জব্বার, হাবিবুর রহমান, নজির আহমেদ বাদশা, রতন মাহমুদ, রুহুল আমীন প্রমুখ মুক্তিযোদ্ধা অংশ নেন।
বরগুনা জেলার পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী ও জেলেদের পক্ষে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব) জিয়াউদ্দিনের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন। তিনি জানিয়েছেন আগামী কাল বুধবার মেজর জিয়ার জন্য পাথরঘাটায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম উপকূলের মহেষখালী, কুতুবদিয়া ও চকরিয়া মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবিরা মেজর জিয়ার রোগমুক্তি কামনা করে বিভিন্ন জেলে পল্লীতে দোয়া ও মোনাজাত করেছেন।
খুলনার দেয়ারা, বাটিয়াঘাটা, আশাশুনি, পাইকগাছা, কয়রা, দাকোপ, বাগেরহাটের রামপাল ও মোংলার বিভিন্ন জেলে পল্লীতে একই উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
