একনেকের সভায় অনুমোদন
ভান্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক প্রশস্ত হচ্ছে
এস. এম. আকাশ, মঠবাড়িয়া :
দক্ষিনাঞ্চালের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবীর ফসল অবশেষে ভান্ডারিয়া – মঠবাড়িয়া – পাথরঘাটা সড়কটি আঞ্চলিক মহা সড়কে উন্নীত করা হলো। মঙ্গলবার শেরে-বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পটি অনুমোদন দেন। ওই প্রকল্পের জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৭৭ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরগুনা জেলার পাথরঘাটা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া এবং ভান্ডারিয়া হয়ে বিভাগীয় শহর বরিশালের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।
এদিকে এ প্রকল্প অনুমোদন হওয়ায় উপকূলীয় দক্ষিনাঞ্চলের মঠবাড়িয়-ভান্ডারিয়া উপজেলাকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সাথে সংযুক্ত করেছে সড়কটি। এতে দুই জেলার তিন উপজেলাসহ বামনা, শরণখোলা, কাঠালিয়ার প্রায় ৩০ লাখ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। জন গুরুত্বপূর্ন সড়কটি দিয়ে দক্ষিনাঞ্চলের একমাত্র পাথরঘাটার সামুদ্রিক বন্দর হতে মাছ ভর্তি ট্রাক প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। এছাড়াও এসড়ক দিয়ে খুলনা যশোর, সাতক্ষীরা- বেনাপোল ও রাজশাহীর যাত্রীসহ পণ্য পরিবহন চলাচল করে।
মঠবাড়িয়া নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা জানান, দক্ষিনাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবীর ফসল এ সড়কটি একনেকে অনুমোদন পাওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী, সেতু মন্ত্রী, স্থানীয় সংসদ ও সংস্লিষ্ট দপ্তরের সচিবসহ মঠবাড়িয়ার কৃতিসন্তান বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিবগন যারা এর পিছনে শ্রম দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আ’লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ জানান, ভান্ডারিয়া-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কটি দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষে নির্মানকাজ মাননীয় প্রধান মন্ত্রীর সরাসরি তত্বাবধায়নে হয় সেজন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
