আল্লাহ নির্দেশিত পথে আমাদের চলতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
সাইফুল্লাহ হুমায়ুন
পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রমজান মাসের ফজিলতের বিশালত্ব সম্পর্কে অনেকেই ওয়াকেবহাল নন। আল্লাহতালা অনেক দয়ালু, করুনাময় এবং তিনি সকলকে ক্ষমা করে দেবেন। এ জন্য তার নির্দেশিত পথে আমাদের চলতে হবে। তিনি এলাকার মানুষের জন্য, দেশের জন্য আমাদের কাজ করে সুযোগ করে দিয়েছেন। তাই আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাই।
তিনি শুক্রবার পিরোজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, দেশে নির্বাচন নিকটবর্তী হওয়ায় সকলকে আরও ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খল পরিবেশে নিয়ম-নীতি মেনে চলতে হবে। এক সময় পিরোজপুর জেলার দুই একটি উপজেলায় শৃঙ্খলার অভাব ছিল। কখনও কখনও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতো, এখন সেখানে মানুষ অনেক শৃঙ্খলাবদ্ধ হয়েছে। বসবাসের ক্ষেত্রে সেখানে নিয়ন্ত্রণ, সামাজিক ইতিবাচক অবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তাই এ অবস্থাকে অব্যহত রাখতে হবে। বিগত ৩০/৩২ বছর ধরে আমি সব সময় বলে এসেছি মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য একতার কোন বিকল্প নেই। ১৭ বছর সরকারে থাকায় সুযোগে আমি এই ধারাকে বাস্তবায়ন করায় ব্যপৃত থেকেছি।
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, যারা নেতৃত্ব দেন তাদের মনে রাখতে হবে মানুষের শান্তির জন্য, ভাগ্য উন্নয়নের জন্য যে পরিবর্তনের ধারা বিদ্যমান তাকে অক্ষুন্ন রাখতে হবে। পিরোজপুর আসার সময় তাঁর টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ বঙ্গবন্ধুকে যাতে জান্নাতবাসী করেন সে জন্য দোয়া করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ এবং সুস্বাস্থ্য কামনাসহ কর্মক্ষেত্রে সফলতা চেয়েও এ সময় দোয়া করা হয়। ইফতারীর আগে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ শুভেচ্ছা বক্তব্য দেন।
ইফতার মাহফিলে পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহরাজ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত জেলা জজ জিল্লুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ অংশগ্রহন করেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার এডভোকেট, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল হাসান মাহিম, অর্থ সম্পাদক আব্দুস সালাম বাহাদুর, প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু প্রমুখ অংশ নেন।
এছাড়া কাউখালীর উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইন্দুকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, সদর উপজেলা ভাইস চেয়াম্যান রেজাউল করিম মন্টু এবং বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ইফতারে অংশ নেন। জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পিপি এ্যাডভোকেট খান মোঃ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আহসানুল কবির বাদল, প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ ইফতারে অংশ নেন। এ ইফতার মাহফিলে পিরোজপুরের বিচার বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, নারী নেত্রী, ব্যবসায়ী, সাংবাদিকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শাহআলম। দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র দীর্ঘায়ূ কামনা করা হয়।
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত
টুঙ্গীপাড়া সংবাদদাতা জানান, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন । এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল্লাহ্, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু তারেব, টুঙ্গিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শেখ শুকুর আহম্মেদ, হাফিজুর রশিদ তারিক প্রমুখ। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে তাঁর পরিবারের সকল শাহাদাৎ বরনকারী সদস্যের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং মন্ত্রী বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
