প্রধান সূচি

মঠবাড়িয়ায় শিক্ষক ফরিদ হত্যা মামলার তিন আসামী জেল হাজতে

 

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন হত্যা মামলার তিন আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিন আসামী হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

আসামীরা হলো উপজেলার বেতমোর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ নাসির উদ্দিন হাওলাদার (২৫), মৃত গণি হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার (৫০) এবং মৃত ফুল মিয়ার ছেলে ইয়াকুব আলী (৪০)।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বেতমোর গ্রামে প্রতিপক্ষের নির্মম নির্যাতনে ও বর্বর হামলায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন গুরুতর আহত হন। পরে ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারী মারা যান। এ ঘটনায় নিহত ফরিদ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম শিকদার বাদী হয়ে ১২ জানুয়ারী রাতে মঠবাড়িয়া থানায় মামা হাবিবুর রহমানসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের পর আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর এজাহারভুক্ত তিনজন আসামী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) বলেন, মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial