পিরোজপুরে ১০ম শ্রেণীর স্কুল ছাত্র পিন্স হত্যার দায়ে দুই জনকে ফাঁসির আদেশ
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে দশম শ্রেণীর ছাত্র সাদমান সাকিব প্রিন্সকে হত্যার দায়ে তার সহপাঠী হাফিজ হাসান নাহিদ (১৯) ও বড় নাহিদের ভাই নাজমুল হাসান নাঈম (২১) নামে দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া এ আদেশ দেন। একই সাথে লাশ গুম করার অপরাধে তাদেরকে সাত বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। মামলার অপর আসামী নাহিদ-নাঈমের পিতা শফিকুল ইসলাম মাষ্টারকে খালাস দেয়া হয়। বর্তমানে নাজমুল হাসান নাঈম পালাতক রয়েছে।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মোঃ আলাউদ্দিন এবং আসামী পক্ষে এডভোকেট সিরাজুল হক ও এডভোকেট শাহ আলম।
মামলা সুত্রে জানাযায়, ২০১৩ সালের ২৯ আগষ্ট পিরোজপুর শহরের আদর্শপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন লিটনের একমাত্র ছেলে এবং পিরোজপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্র সাদমান সাকিব প্রিন্স (১৪) কে হত্যা করে ইট ও কাঠের একটি দরজার ফ্রেমের সাথে বেধে শহরের সিআইপাড়া এলাকার রায় পুকুরে ডুবিয়ে দেয়। ঘটনার দুই দিন পর ১ সেপ্টেম্বর লাশটি ভেসে উঠে।
এ ঘটনায় প্রিন্সের বাবা জাকির হোসেন বাদি হয়ে ২ সেপ্টেম্বর পিরোজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ সময় পুলিশ নাহিদ ও তার বাবা শফিক মাষ্টারকে আটক করে এবং মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ২৭ জুলাই নাহিদ, নাইম ও তাদের বাবা শফিক মাষ্টারের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।
