মাসোয়ারা না দেয়ার জের || মঠবাড়িয়ার ৩ জেলেকে ধরে নিয়ে গেছে কোষ্টগার্ড
মঠবাড়িয়া প্রতিনিধি :
উপকূলীয় বলেশ্বর নদে নিয়মিত মাসোয়ারা না পেয়ে বড়মাছুয়া গ্রামের সোহাগ (২০), জসিম (২১) ও বেল্লাল (২৫) নামে ৩ জেলেকে ধরে নিয়ে যাওয়া ও কবির হোসেন নামে অপর এক জেলেকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে কোষ্টগার্ডের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, জীবন জীবিকার তাগিদে বলেশ্বর নদ তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় ২ শতাধিক জেলে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। জেলে জামাল, শাহিন, নজির জানান, কোষ্টগার্ড আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে জাল প্রতি এক হাজার টাকা করে মাসোয়ারা নেয়। বর্তমানে নদীতে মাছ না পাওয়ায় জেলেরা মাছুয়া খালে জাল মেরামতের কাজ করছিল। এসময় কোষ্টগার্ডের টহল দল এসে মাসোয়ারা চান। কোষ্টগার্ডের দাবীকৃত টাকা দিতে না পারায় মাছুয়া গ্রামের জামালের ছেলে সোহাগ, হালিমের ছেলে জসিম ও শাহ আলম খন্দকারের ছেলে বেল্লালকে সোমবার সকালে ধরে নিয়ে যায়। এ সময় কবির হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করে দুই ছড়া জাল নিয়ে যায়। আহত কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোড়লগঞ্জের কোষ্টগার্ড ইনচার্জ মনিরুজ্জামান জানান, জেলেরা আমাদের ওপর মারমুখী হয়ে আক্রমন করতে এলে তাদেরকে ধাওয়া করে ওই তিন জেলেকে আটক করা হয় এবং জেলে কবির এর বোট থেকে লাফিয়ে পড়ে আহত হন। আটককৃত জেলেদের মোড়েলগঞ্জ চন্ডিপুর লঞ্চঘাট থেকে ছেড়ে দেয়া হয়েছে।
কোষ্টগার্ড মংলা অঞ্চলের প্রধান লেঃ কমান্ডার ফরিদ মিয়া মাসোয়ারা আদায়ের অভিযোগ অস্বীকার করেন।
