প্রধান সূচি

সুন্দরবনে অগ্নিকান্ড || পুড়ে গেছে ৪ একর বনভুমি ॥ তিন সদস্যের কমিটি গঠন

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট :
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের নাংলী এলাকায় আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯ টার দিকে লাগা আগুন প্রচন্ড তাপদাহের কারণে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বনের প্রায় ৪ একর বনভুমির গাছ-পালা (গুল্ম জাতীয় লতা-পাতা-গাছপালা) পুড়ে গেছে। বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে আগুন নিভানো সম্ভব হয়েছে বলে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।
পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির জানান, ধানসাগর ষ্টেশনের নাংলী ক্যাম্পের ‘মাদ্রাসার ছিলা ’এলাকায় শুক্রবার সকালে আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত বনের প্রায় ২/৩ একর জায়গা নিয়ে আগুন দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের জন্য চারপাশে ফায়ার লাইন কাটাসহ জেলার শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভানোর জন্য ঘটনাস্থলে আসে। এছাড়া স্থানীয় শতাধিক লোকজন আগুন নিভানোর কাজে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করছেন। ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে ইতিমধ্যে বনের প্রায় ৪ একর বনভুমি গাছ-পালা (গুল্ম জাতীয় লতা-পাতা-গাছপালা) পুড়ে গেছে। শুধু ধোয়া দেখা যাচ্ছে প্রায় ২ একর বনভুমি জুড়ে।
এদিকে অগ্নিকান্ডের খবর জানার পর ঘটনাস্থলে ছুটে যান বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাইদুল ইসলাম, বাগেরহাট সদর ও চাঁদপাই রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসিএফ মেহেদিজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিফ রেজা। তারা ঘটনাস্থলে অবস্থান করে আগুন নিয়ন্ত্রনে কাজ চালিয়ে যেতে থাকেন। তবে কিভাবে আগুন লেগেছে কিংবা নাশকতা কিনা সে বিষয়ে আপাতত কোন কিছু না বলে মূল ঘটনা ও রহস্য উদঘাটনে চেষ্টা চালানো হচ্ছে বলে ঘটনাস্থলে থাকা এ বন কর্মকর্তারা জানান।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগিয় বন কর্মকর্তা মোঃ সাঈদুল ইসলাম আগুন সম্পূর্ণ নিভে গেছে দাবীকরে মুঠোফোনে জানান, ধানসাগর ষ্টেশনের নাংলী ক্যাম্পের ‘মাদ্রাসার ছিলা ’এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাদপাই রেঞ্জের সহকারি বনসংরক্ষক মোঃ মেহেদ্দীজ্জামানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, ঢাংমারি রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা মিজানুর রহমান ও চাদপাই রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা নুরুজ্জামান। গঠিত এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের বিভিন্ন এলাকায় নাশকতামূলক চার বার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ২৭মার্চ ধানসাগর ষ্টেশনের নাংলী ক্যাম্পের সিকদারের ছিলায়, ১৩ এপ্রিল পঁচা কোরালিয়া বিলে, ১৮ এপ্রিল আব্দুল্লাহর ছিলায় এবং সর্বশেষ ওই বছরের ২৭ এপ্রিল তুলতলার বিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ২০১৬ সালে একমাসে চার বার অগ্নিকান্ডের ঘটনায় প্রভাবশালী কিছু ব্যক্তির নাম উল্লেখসহ ১৮ জনকে আসামী করে শরণখোলা থানা ও বাগেরহাট আদালতে ৩টি মামলা দায়ের করে সুন্দরবন বিভাগ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial