পিরোজপুর সুবর্ণ জয়ন্তী উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন ।। স্বাধীনতা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার প্রশ্নে নিরপেক্ষ সাংবাদিককতা কাম্য নয় …. ইকবাল সোবহান চৌধুরী
স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, স্বাধীনতা, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার প্রশ্নে সাংবাদিকদের নিরপেক্ষ অবস্থান গ্রহণের সুযোগ নেই। পাশাপাশি সাংবাদিকদের রাজনৈতিক সচেতন হয়ে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে হবে। স্বার্থান্বেষী ও অসাধু সাংবাদিকদের চিহ্নিত ও বর্জন করে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আজ সোমবার পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তীর বছর ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন দুপুরে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান আলোচক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, বিশেষ আলোচক জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, বিশেষ অতিথি পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক মুনিরুজ্জামান নাসিম আলী। অনুষ্ঠান উপস্থাপনা করেন ক্লাব সদস্য শিরিনা আফরোজ।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সেবিকা রানী, টাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার আগে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন এবং শ্বেত কপোত ও বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন।
ইকবাল সোবহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ করে সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করেছেন। তিনি ১৯৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে বেসরকারি টিভি চ্যানেল চালুর সুযোগ মুক্ত করে দিয়ে তথ্য প্রবাহের ক্ষেত্রে এক বিশাল অবদান রাখেন। যার মধ্য দিয়ে আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ দেশ-বিদেশে আমাদের দেশের খবরাখবর দর্শকরা ঘরে বসেই
জানতে পারেন। এ সব টিভি চ্যানেলে ঢাকাসহ মফস্বল পর্যায়ে অগণিত সাংবাদিকের কর্মসংস্থান হয়েছে। সাংবাদিকদের কিছু কিছু প্রশ্নে নিরপেক্ষ থাকলে চলবে না। স্বাধীনতার বিরুদ্ধে হুমকি, মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িতকতার মত অশুভ শক্তির উত্থান এসবের বিরুদ্ধে দৃঢ়ভাবে লিখনি নিয়ে তাদের অবস্থান নিতে হবে। সংবাদ প্রকাশে ব্যক্তি আক্রোশ, ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক উদ্দেশ্য পরিহার করা সাংবাদিকদের দায়িত্ব। হলুদ সাংবাদিকতাকে বাদ দিয়ে স্বচ্ছভাবে এ দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন ও পুলিশ সম্পর্কে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতে হবে। তাদের ত্রুটি-বিচ্যূতি সাংবাদ মাধ্যমে প্রকাশ করার সময় মনে রাখতে হবে কোন তদবির করতে গিয়ে সৃষ্ট ব্যক্তিগত আক্রোশ এর কারণে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ
প্রকাশ করে তাদের হয়রানী করা হলুদ সাংবাদিকতার পরিচায়ক। তথ্য উপদেষ্টা মফস্বল সাংবাদিকদের সাহসিকতা নিয়ে কাজ করার প্রশংসা করে বলেন, ঢাকার সাংবাদিকদের চেয়ে তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। তার স্বপ্ন বাস্তবায়নে তারই কন্যা শেখ হাসিনার আমলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল।
জাতীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী বক্তব্যে বলেন, জাতীয় পর্যায় থেকে মফস্বল পর্যন্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ
থাকতে হবে। সাংবাদিকদের মধ্যে বিভাজন-বিভক্তি থাকলে আমাদের লেখনি শক্তি দুর্বল হয়ে যাবে। আজ সারা দেশের নারী জাগরণের যে অগ্রযাত্রা লক্ষ্য করা যাচ্ছে তার প্রমাণ দীর্ঘ ৬২ বছর পর সংখ্যাগরিষ্ঠ পুরুষ সদস্যের ভোট পেয়ে তিনি আজ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। আমাদের দেশের সাংবাদিকদের পথিকৃত ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জন্মভূমি ও স্মৃতিধন্য পিরোজপুরে আসতে পেরে একজন ইত্তেফাক কর্মী হিসাবে তিনি গর্বিত।
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। গণমাধ্যমকে দুর্বল রেখে অন্য তিন স্তম্ভ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগ শুধু শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হয় না। একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক সুষ্ঠ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদের দৃঢ় ভূমিকা নিতে হবে। সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড অবিলম্বে ঘোষণা করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে পিরোজপুর প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠান স্থলে মিলিত হয়।
অনুষ্ঠানে পিরোজপুর পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরাফত হোসেন, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলম, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা বকুল, প্রফেসর আব্দুল জলিল আকন,
সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কিমিটির সভাপতি প্রফেসর সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, অধ্যক্ষ প্রতুল ব্রহ্ম, ডাক দিয়ে যাই এর নির্বাহী পরিচালক শাহজাহান গাজীসহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজণৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে রং বেরং এর ফেষ্টুন-ব্যানার টানানো হয়। সড়কের বিভিন্ন মোড়ে তৈরী করা হয় তোরণ।
সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে প্রেসক্লাব সদস্যসহ পিরোজপুরের সর্বস্তরের জনগনের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।সুবর্ণ জয়ন্তি অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সদস্যরাও অংশগ্রহণ করেন।বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তি উৎসবের মধ্যে রয়েছে সাংবাদিক সমাবেশ, সেমিনার, কর্মশালা, সাংবাদিক সফর, অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা, শুভেনির প্রকাশনা ও সমাপনি অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।
