গাছের সাথে শত্রুতা
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে দুর্বৃত্তরা একটি বাগানে ঢুকে ছোট-বড় ১৬-১৭টি সুপারী ও গোলাপ গাছের চারা কেটে ফেলেছে। গত ২৭ মার্চ রাতে ফকির মোঃ হুমায়ুন কবিরের (সাইফুল্লাহ হুমায়ুন) সুপারীসহ বিভিন্ন প্রকারের প্রায় তিন বিঘা জমির এ বাগানে এ শত্রুতামূলক ও অমানবিক ঘটনাটি ঘটে।
বাগান মালিক হুমায়ুন কবির বলেন, “এ বাগানটি আমাদের অনেক পুরানো। আমরা দীর্ঘদিন ধরে শহরের বসবাস করি। বাগানটি দেখভাল করেন প্রতিবেশী আমীর শরীফের পরিবারের সদস্যরা। প্রতি বছর তাদের কাছে এ বাগানের সুপারী ও নারিকেল বিক্রি করে দেয়া হয়। এ সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে এলোমোলো ভাবে এসব গাছের চারা এবং কিছু গোলাপের (গুলকচাঁপা) চারা গাছ কাটার চিহ্ন দেখতে পাই। যা বাগানের পাশে শাহজাহান মোল্লার একটি বাড়ীর চালা তৈরীতে ব্যবহার করা অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসা করা হলে সুপারী চারা কাটার কথা অস্বীকার করেন।”
স্থানীয় ইউপি সদস্য বাহাদুর সিকদারসহ আশাপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ ব্যাপারে বাগান পাহারাদার সবুজ শরীফ জানান, সপ্তাহ খানেক আগে আমি বাড়ীর বাহিরে গিয়েছিলাম। এ সুযোগে দুর্বৃত্তরা এত বড় ক্ষতি করেছে। তবে একই গ্রামে বাগান মালিক হুমায়ুন কবিরের সাথে রফিক শরীফের ধানী জমি সংক্রান্ত বিরোধের জেরও হতে পারে। এ ব্যাপারে শহর প্রবাসী হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে ফিরে মঙ্গলবার সাংবাদিকদের জানান, তিনি গাছ কাটার বিষয়ে আইনী ব্যবস্থার আশ্রয় নিবেন।
