স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠিত
কন্ঠ ডেস্ক :
পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ শহিদুল আহসানকে আহ্বায়ক ও এস এম মুইদুল ইসলাম মুহিত, আব্দুস সালাম সিকদার, সুব্রত কুমার ঠাকুর, মোঃ শরীফ আহম্মেদ ও এম এ সালাম রেজাকে যুগ্ম আহ্বায়ক করে ৫৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি আজ শুক্রবার জেলা কমিটির অনুমোদন পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার শুক্রবার রাতে এ কমিটি অনুমোদন করে স্বাক্ষর দিয়েছেন।
গত ১২ মার্চ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক সাংগঠনিক নির্দেশের বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মদ জানান, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহোদয়ের প্রেরিত চিঠির আলোকে স্বরূপকাঠী উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষেই নতুন আহবায়ক কমিটি করা হয়েছে। তিনি জানান, স্বরূপকাঠী উপজেলা কমিটির মেয়াদ হয়েছে ১৯ বছর ৭ মাস। এর মধ্যে উপজেলা সভাপতি মৃত্যুবরণ করলে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলে আসছিল এ উপজেলা কমিটিটি। দীর্ঘদিন ধরে এ কমিটি সাংগঠনিক কার্যক্রমে নিস্ক্রিয় অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, এ নতুন আহ্বায়ক কমিটি গত ১৯ বছর সাত মাস আগে গঠিত স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের কমিটির স্থলাভিষিক্ত হলো।
এদিকে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এমপি এ কমিটি গঠনকে অস্বীকার করে বলেন, সভাপতির অনুমোদনের বাইরে এ ধরণের সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সাধারণ সম্পাদকের নেই। এমনি কি কেন্দ্র থেকে কোন কমিটি রদবদল করা বা গঠন-পুনর্গঠনের কোন নির্দেশ দিয়েছেন কিনা তাও সভাপতির জানা নেই।
