নগ্ন ছবি ফেসবুকে : কলেজছাত্রী আত্মহত্যা
খুলনা অফিস :
যশোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বিশেষ মুহূর্তের ছবি আপলোড করায় লোকলজ্জায় আত্মহত্যা করেছেন ইতি মল্লিক নামে এক এইচএসসি পরীক্ষার্থী। শনিবার ভোরে জেলার মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইতি ওই গ্রামের স্বপন মল্লিকের মেয়ে।
মুক্তিশ্বরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রবীর মল্লিক বলেন, ‘ইতি মল্লিক আমাদের কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শুনেছি তার নগ্নছবি ফেসবুকে কে বা কারা আপলোড করেছে। এজন্য শনিবার সকালে সে (ইতি) গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সাগর নামে এক কলেজ ছাত্রের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ইতি মল্লিকের বিয়ে নিয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। ধারণা করা হচ্ছে এজন্য ওই ছাত্র ইতির এই নগ্নছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি শোনার পর ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সত্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
