প্রধান সূচি

খুলনায় বাণিজ্য মেলায় ছাত্রলীগের হামলা : ভাঙচুর-লুটপাট

খুলনা অফিস :

সাইকেল গ্যারেজ ইজারা না দেয়ায় খুলনা সার্কিট হাউস মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের পরের দিনই ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ভাঙচুর ও লুটপাট করেছে। তারা মেলার প্রধান ফটক, সাইকেল গ্যারেজ, টিকিট কাউন্টারসহ বিভিন্ন ষ্টলে ভাংচুর করে লুটপাট করে। এসময় তারা দুই নিরাপত্তারক্ষীকেও পিটিয়ে আহত করেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় কমপক্ষে ২০টি ষ্টল ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় ষ্টল মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে বাণিজ্যমেলার গেটের কাছে হঠাৎ করে ভাংচুর শুরু করে।

মেলার আয়োজক চামেলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মিয়া মোঃ রাসেল অভিযোগ করেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল মেলার সাইকেল গ্যারেজ দাবি করেন। সেটা না দেয়ায় তার লোকজন এ হামলা চালায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, খুলনা চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে শুক্রবার সন্ধ্যায়। মেলার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে যুবলীগ নেতা মিয়া মোঃ রাসেলের প্রতিষ্ঠান মেসার্স চামেলী ট্রেডার্স।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, মেলার সাইকেল গ্যারেজ ইজারার জন্য এক লাখ টাকা দর উঠেছিল। কিন্তু গ্যারেজটি ৫০ হাজার টাকায় ইজারা চেয়েছিলেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেলের অনুসারীরা। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এতো কম মূল্যে গ্যারেজ ইজারা দিতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুর ২টায় ছাত্রলীগের ১০/১২ জন নেতাকর্মী মেলায় ভাংচুর এবং আয়োজকদের দুই নিরাপত্তা কর্মীকে মারধর করে চলে যায়।

খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক বলেন, মেলা চালাচ্ছে যুবলীগ। ছাত্রলীগ যদি সেই মেলায় ভাংচুর চালায় তাহলে মেলা বন্ধ করে দেয়া ছাড়া উপায় নেই।

এদিকে, ভাংচুরের অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন, সাইকেল গ্যারেজ ইজারা নিতে ৪/৫টি গ্রুপ চেষ্টা চালাচ্ছে। তাদেরই একটি গ্রুপ ভাংচুর করে থাকতে পারে।

ঘটনাস্থলে থাকা খুলনা থানা পুলিশের এএসআই কামরুজ্জামান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা ভাংচুর করেছে। তবে কী কারণে এবং কার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial