পিরোজপুরে ডাকাত গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বরিশাল থেকে আন্তঃ বিভাগীয় ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতের ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে গত বৃহস্পতিবার ভোররাতে বরিশাল ও পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে বরিশালের কাউনিয়া এলাকা থেকে মোহাম্মদ সেলিম হাওলাদার ওরফে কাটার সেলিম নামের ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান এক প্রেসব্রিফিং এ ডাকাত গ্রেফতারের খবর জানান।
এ সময় তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি রাত ২টার দিকে পৌরসভার মুক্তারকাঠী (বাইপাস) এলাকার আব্দুল জব্বারের ঘরের গ্রীল কেটে ৭/৮ জনের ডাকাত দল ঘরে ঢুকে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মোবাইল ফোন তারা ভুলে ফেলে যায়। মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিশ এ ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে কিছু স্বর্ণালংকার ও নগদ এক লাখ চার হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
