সুন্দরবনের শরণখোলায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ বনদস্যু নিহত ঃ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি :
পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চরে র্যাব-৮ এর সাথে বন্দুক যুদ্ধে ১ বনদস্যু নিহত হয়েছে। এ সময়ে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
বৃহষ্পতিবার সকালে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত বনদস্যু শামসু বাহিনীর সেকেন্ড ইন কামান্ডার বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল বলে র্যাব নিশ্চিত করেছে।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবীর জানান, সুন্দরবনে নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৮ এর একটি দল শরণখোলা রেঞ্জের ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময়ে বনের মধ্য থেকে ধোঁয়া উড়তে দেখে র্যাবের টহল টীম ওই এলাকায় অভিযান শুরু করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের পর বনের মধ্য থেকে গুলির শব্দ থেমে গেলে র্যাব ওই এলাকায় অভিযান শুরু করে। এ সময়ে ১ বনদস্যুর গুলিবিদ্ধ লাশ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে সুন্দরবনের জেলেরা নিহত বনদস্যুর লাশ কয়েক দিন আগে র্যাবের হাতে আটক বনদস্যু শামসু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল বলে সনাক্ত করে। নিহত বনদস্যু ও গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানায়।
