প্রধান সূচি

মঠবাড়িয়ায় সরকারী জমিতে আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

মঠবাড়িয়ার ধানীসাফা বাজারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ শুরু করলে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মাণাধীন পাকা স্থাপনার পিলার ভেঙে গুড়িয়ে দেয় এবং নির্মাণ সামগ্রী জব্দ করেন।

জানাগেছে, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা ধানীসাফা বাজারের সুপারীহাট সংলগ্ন চরের ২০০১নং দাগের (মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের পাশে) কয়েক লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি এলাকাবাসী বরিশাল বিভাগীয় কমিশনারকে অবহিত করলে তার নির্দেশে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেন।

স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বিরুদ্ধে নামে-বেনামে একাধিক খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে।

অভিযোগের ব্যাপারে অভিযুক্ত মাসুদ রানা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পাকা স্থাপনার জন্য আবেদন করেছি এবং একাধিক ব্যক্তির কাছ থেকে ডিসিআর ক্রয় করে দোকান ঘর উত্তোলন করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ জানান, অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়ে স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial