স্বরূপকাঠীতে উপজেলা পরিষদে ৪ নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
স্বরূপকাঠী উপজেলা পরিষদের ৪টি সংরক্ষিত আসনের সদস্য পদে ৪ জন নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫ টায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত মাত্র ৪ জন ইউপি সদস্যা উপজেলা পরিষদ সদস্য পদের প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়ন পত্র জমা দেয়া চার প্রার্থী হলেন স্বরূপকাঠি পৌরসভাসহ দুইটি ইউনিয়ন নিয়ে গঠিত ১নং সংরক্ষিত ওয়ার্ডে মোসাঃ বিউটি বেগম, জলাবাড়ি ও সমদেয়কাঠি ইউপিসহ গুয়ারেখার একাংশ নিয়ে গঠিত ২নং ওয়ার্ডে কমলা রানি মন্ডল, সারেংকাঠি, দৈহারী ইউপি ও গুয়ারেখা এবং বলদিয়া ইউপির ২টি ওয়ার্ড নিয়ে গঠিত ৩নং ওয়ার্ডে মোসাঃ রাশিদা বেগম মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া সোহাগদল ও সুটিয়াকাঠি ইউপিসহ বলদিয়ার ইউনিয়নের ২টি ওয়ার্ড নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে রিনা সুলতানা সদস্য পদের জন্য মনোনয়ন পত্র জমা দেয়। এ বিষয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাদেরকে বিজয়ী বলা যেতে পারে। তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদেরকে বিজয়ী ঘোষনা করতে ২/৩ দিন সময় লাগবে বলে জানান ওই কর্মকর্তা।
