বাগেরহাটে দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের সংবাদ সম্মেলন
বাগেরহাটে দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটিডের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট শাখার কর্মকর্তারা। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিঃ বাগেরহাট শাখার বর্তমান ব্যবস্থাপক মোঃ স্বাধীন শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মৃত নিরোধ বিহারী হালদারের ছেলে নীহার রঞ্জন হালদার দায়িত্বে থাকা অবস্থায় প্রায় পাঁচ শতাধিক গ্রাহকের দুই কোটি ৫৩ লাখ টাকা আত্মসাত করে ভারতে পালিয়ে যায়। এরপর কর্তৃপক্ষ আমাকে শাখা ব্যবস্থাপকের দায়িত্বভার দেন। আমি সাত মাস ধরে ৩শ গ্রাহকের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে সক্ষম হয়েছি। ক্ষতিগ্রস্ত বাকি গ্রাহকদের টাকা দেওয়ার জন্য প্রতিকুলতার মধ্যেও আমি প্রতিষ্ঠানটি চালু রেখেছি। আশা করি লগ্নিকৃত টাকা উত্তোলন করে বাকি গ্রাহকদের পরিশোধ করতে পারবো।
তিনি আরও বলেন, গ্রাহকরা ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সঠিক নয়। আমি মাঠপর্যায়ের সকল গ্রহকদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করছি। সংবাদ সম্মেলনে ব্যাংকের ফিল্ড অফিসার অরবিন্দু শেখর দাস, সুবর্না রায় উপস্থিত ছিলেন।
