সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে
তিন জন আটক ॥ এক জনের ২ বছর কারাদন্ড
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে তিন দুস্কৃতকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাদের মংলার জয়মনির ঘোল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মৃত ইসহাকের ছেলে মোঃ সুমন (২৮), রফিক শেখের ছেলে এনামুল শেখ (২৫) এবং খোকন ফরাজির ছেলে জামাল ফরাজি (৩৫)। এদের মধ্যে জামাল ফরাজিকে দুই বছরের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম। অপর দুইজনকে এক হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।
চাঁদপাই নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন শরিফ জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার জন্য জয়মনির ঘোলে কয়েকজন দুস্কৃতকারী প্রস্তুতি নিচ্ছিলেন। গোপনে এ খবর পেয়ে ওই তিনজনকে রাতে আটক করেন তারা। এ সময় চার বোতল বিষও জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত জামাল ফরাজিকে মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
