প্রতিবন্ধী কিশোরী ধর্ষনকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সম্প্রতি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী রিমী আক্তারের ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষনকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে স্থানীয় টাউন ক্লাব সড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা সভাপতি মনিকা মন্ডল, সহ-সভাপতি মাতোয়ারা বেগম, কাউন্সিলর ও পরিষদের কোষাধ্যক্ষ হাফিজা আক্তার খুশি, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার মন্টু, সিনিয়র সংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, উন্নয়ন কর্মী মইনুল আহসান মুন্না, সচেতন নাগরীক নুরুল ইসলাম খান, শংকরপাশা ইউনিয়নের পক্ষ থেকে ইউপি সদস্য নজরুল ইসলাম ও স্থানীয় জসিম খলিফা ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের মত অপরাধের শাস্তিযোগ্য আইন থাকলেও আইনের সঠিক প্রয়োগ না থাকায় সারা দেশে প্রতিনিয়ত ধর্ষণের মত অপরাধ বেড়েই চলছে। দোষীরা আইনের ফাক ফোকড় গলিয়ে পার পেয়ে যাচ্ছে। যার স্বীকার পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী রিমী আক্তার। থানায় মামলা হলেও এলাকার লম্পট নাসির মুন্সি আজও গ্রেফতার হয়নি। বক্তরা অবিলম্বে ধর্ষনকারী নাসিরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
