মানব পাচার প্রতিরোধ কমিটির ভুমিকা ও দায়িত্ব শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির ফোকাল পয়েন্ট অতিরিক্ত সচিব মোঃ সামছুর রহমান বলেছেন মানব পাচার প্রতিরোধ ও দমনে সকলকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
তিনি আজ মঙ্গলবার বরিশালের সার্কিট হাউজে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-১৭ এর আলোকে মানব পাচার প্রতিরোধ কমিটির ভুমিকা ও দায়িত্ব শীর্ষক এক বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যন্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে বরিশাল বিভাগের ৬ জেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণ মাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনূষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় কর্ম পরিকল্পনা ২০১৫-১৭ এর মুল লক্ষ্যসমূহ তুলে ধরা, মানব পাচার প্রতিরোধ, সারভাইভারদের সহযোগিতা প্রদান এবং পাচারকারীর যথাযথ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে মানব পাচার প্রতিরোধ কমিটির গুরুত্বকে বেগবান করা এবং মানব পাচার প্রতিরোধ গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে জানানো হয় বর্তমান সরকার মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে এবং এই আইনটি হচ্ছে একটি যুগান্তসৃষ্টিকারী আইন।
