স্বরূপকাঠীতে পে-ফিক্সেশনের নামে অর্থ আদায় অভিযোগ : দুই প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ (পে-ফিক্সেশন) কার্যক্রমের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
শিক্ষকপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা করে আবার কারো কারো কাছ থেকে এক হাজার টাকা করে আদায়ের অভিযোগে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পৃথক শোকজ নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম তাদের লিখিত শোকজ দেন।
শোকজপ্রাপ্ত দুই শিক্ষক হলেন- উপজেলার ৪৪ নম্বর ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী এবং ৭১ নম্বর বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল।
অভিযোগ রয়েছে, পে-ফিক্সেশনের কাজ করে দেওয়ার নামে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শতাধিক শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আবার একহাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীকে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, নবম পে-স্কেলের পে-ফিক্সেশন কার্যক্রমের জন্য মাহমুদকাঠি ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ৪২ নম্বর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও ৯ থেকে ১০ জন শিক্ষক। নোটিশে বলা হয়েছে, ওই ক্লাস্টারে দুইজন সহকারী শিক্ষক পে-ফিক্সেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও তারা কোনো টাকা নেননি। এ অবস্থায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকারি চাকরির শৃঙ্খলা, সততা ও নৈতিকতার পরিপন্থি এবং গুরুতর অসদাচরণের শামিল বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ালের বিরুদ্ধে গণকপাড়া ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা এবং সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তাকেও তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই শিক্ষকই। প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী বলেন, আমি কোনো টাকা পয়সা তুলিনি। পে-ফিক্সেশনের দায়িত্বেও আমি ছিলাম না।
প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল বলেন, আমি কোনো টাকা তুলিনি। সব মিথ্যা। তাকে শোকজ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা কর্মকর্তার সঙ্গে হয়তো আমার শত্রুতা আছে। না হলে এমন করবেন কেন?
