প্রধান সূচি

নাজিরপুরে ট্রলার ডুবি

নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে কালীগঙ্গা নদীতে ট্রলার ডুবি ঘটনায় নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজের তিনদিন পর রিনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকায় নদীতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।
রিনা বেপারী জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
গত ১৯ অক্টোবর রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় যাত্রী ও মোটর সাইকেল বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এতে গৃহবধূ রিনা বেপারী ও তার ৯ বছরের মেয়ে আদ্রিতা বেপারী নিখোঁজ হয়। পরে রাত ১২টার দিকে ডুবুরী দল শিশু আদ্রিতা বেপারীর মরদেহ নদী থেকে উদ্ধার করে। তবে সে সময়ে মা রিনা বেপারীর কোন সন্ধান পায়নি উদ্ধারকারী ডুবুরী দল।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রায়হানুর আশরাফ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার নিখোঁজ রিনা বেপারীর মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের দেবর পরিচয় শনাক্ত করলে প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা জানান, ট্রলার ডুবির ঘটনায় তদন্ত চলছে। কারও অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাট ইজারাদারদের অবহেলার প্রমাণ মিললে ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial