প্রতিমন্ত্রী সোহেল মনজুরের ঘটনাস্থল পরিদর্শন
নাজিরপুরে ট্রলার ডুবি : শিশু’র মরদেহ উদ্ধার, মা নিখোঁজ
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মোটর সাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক শিশু প্রাণ হারিয়েছে এবং তার মা এখনও নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে দুর্ঘটনাকবলিত নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাটী খেয়া ঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।
জানা যায়, সোমবার রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটর সাইকেল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী (৩৫) ও তার তৃতীয় শ্রেনীতে পড়ুয়া শিশু কন্যা অদ্রিতা বেপারী (৮) পানিতে ডুবে যায়। রাত ১২টার দিকে বরিশালের ডুবরিদল শিশু কন্যা অদ্রিতা বেপারী মৃতদেহ উদ্ধার করে। তবে মা রিনা বেপারী এখনো নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলারের একযাত্রী জানায়, অতিরিক্ত যাত্রী ও কয়েকটি মোটর সাইকেল ওঠানোর কারনে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং নাজিরপুর প্রান্তেই ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় শ্রীরামকাঠী বাজার কূলে উঠতে পারলেও শংকর বেপারীর স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ হন।
জানা গেছে, ঢাকার একটি সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠানে শংকর বেপারী চাকরি করেন। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে নিজ জেলার নেছারাবাদ উপজেলার ভরতকাঠীর গ্রামের বাড়িতে আসেন। সোমবার রাতে পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজার এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে স্বপরিবারে বাড়ি ফিরছিলেন তারা। রাত আনুমানিক ৯টার মিনিটের দিকে ৬০/৭০ জনেরও বেশি যাত্রী ও ৭/৮টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি নাজিরপুর প্রান্তের শ্রীরামকাঠী বাজারের ফেরীঘাট এলাকায় নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনাকবলিত স্থান ও নিখোঁজদের উদ্ধার পরিস্থিতি তদারকি করতে রাতেই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ (তমা), সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামসহ নাজিরপুর ও নেছারাবাদ থানা পুলিশের টিম। এছাড়া উদ্ধার অভিযানে নাজিরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক সোয়াইব হোসেন মুন্সি এবং পিরোজপুরের জেলা কর্মর্কতা রায়হানুর আশরাফ উপস্থিত ছিলেন।
এদিকে, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি উদ্ধার কাজের সার্বিক খোঁজখবর নেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তা এবং নাজিরপুর থানা পুলিশের একটি দল।
ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল নিখোঁজ নারীকে উদ্ধারে কালিগঙ্গা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।
