প্রধান সূচি

স্বরূপকাঠীতে ১৫ আগস্টের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার-১

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার লাগানোর অভিযোগসহ সরকারবিরোধী নানা অপতৎপরতার অভিযোগে মো. জিয়া উদ্দীন তাওহীদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিয়া উদ্দীন তাওহীদ ওই গ্রামের ওয়ারেস উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্য কোথাও ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার দেখা না গেলেও সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা গেছে।
পোস্টারে লেখা রয়েছে ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, কাঁদো বাঙালি কাঁদো।’ এতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পোস্টারে ঢাকা দক্ষিণ শ্যামপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদধারী সাগর মন্ডলের ছবি রয়েছে। একই সাথে পোষ্টারে সমুদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা মো. জিয়া উদ্দীন তাওহীদের ছবিও রয়েছে।
তবে পোস্টার লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন জিয়া উদ্দীন তাওহীদ। তিনি বলেন, আমি অসুস্থ মানুষ। বাড়িতে থাকি। আমি একজন সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব। কে বা কারা ওই শোক দিবসের পোস্টার সাঁটিয়েছে, তা আমার জানা নেই।
স্থানীয় বিএনপি নেতারা জিয়া উদ্দীন তাওহীদের বিরুদ্ধে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে কাজ করার অভিযোগ করেছেন। তাদের দাবি, সাংবাদিকতার পরিচয়ে তিনি বাড়িতে বসে আওয়ামী লীগের পক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আওয়ামী লীগের পক্ষে নিয়মিত বক্তব্য দেন। তাদের অভিযোগ, জিয়া উদ্দীনের নেতৃত্বেই এসব পোস্টার লাগানো হয়েছে।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান বলেন, বিএনপির দু’একজন নেতার মদদে সমুদয়কাঠিতে আওয়ামী লীগের বিস্তার লাভ করছে। তিনি জানান, তার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমি বাড়িতে থাকলে কোনো পোস্টার লাগাতে দিতাম না।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শোক দিবসের পোস্টার লাগানোসহ সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial