পিরোজপুর জেলা পরিষদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। বুধবার সকাল ১০টায় শহরের উকিল পাড়া ও আমলা পাড়া এলাকায় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাদকমুক্ত ও গ্রীণ পিরোজপুর গড়ার লক্ষ্যে ডেঙ্গু ও এডিস প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উকিল পাড়া ও আমলা পাড়ায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালিত হয়।
এ সময় এ আলোচনা অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, আর এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে গ্রীণ পিরোজপুর গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। পিরোজপুর জেলা শহরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালানো হবে। তিনি আরও বলেন, পিরোজপুরে ড্রেনেজ ব্যবস্থা নাজুক। ড্রেনগুলোতেও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের পরিবর্তনের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের সকলে মিলে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহামুদুর রহমান মামুন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তহিদুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
