প্রধান সূচি

পিরোজপুরে ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলামের বিচারের দাবীতে মানববন্ধন

পিরোজপুরে ডিবি পুলিশের হাতে নির্যাতনের শিকার পুলিশ অফিসার্স মেসের কেয়ারটেকার ইউনুস ফকিরের ন্যায় বিচার প্রাপ্তি, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত জেলা ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর থানার সামনের সড়কে নির্যাতিত ইউনুস ফকিরের স্বজন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর সদর উপজেলার খানাখুনিয়ারী এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নির্যাতিত ইউনুস ফকিরের ভাই আনিসুর ফকির, ভগ্নিপতি আব্দুল লতিফ সেখ, ভাতিজি লাকি আক্তার, ইমাম সেখসহ এলাকাবাসী।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, পিরোজপুর জেলা পুলিশের অফিসার্স মেসে কেয়ারটেকার হিসেবে কর্মরত খানাখুনিয়ারী গ্রামের বাসিন্দা ইউনুস ফকিরকে গত ১৩ এপ্রিল টাকা চুরির মিথ্যা অভিযোগে পিরোজপুর জেলা ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলাম ও ডিবি পুলিশের সদস্যা নির্মমভাবে পিটিয়ে ও মারধর করে। একপর্যায়ে তারা মোম পুড়িয়ে ইউনুস ফকিরের পুরুসাঙ্গে তপ্ত মোম ফেলে। এতে ইউনুসের পুরুসাঙ্গ ঝলসে ক্ষতের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ সঠিকভাবে অসুস্থ ইউনুসের চিকিৎসাও করেনি। পরে ইউনুসের স্বজনরা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
তারা আরও অভিযোগ করেন, নির্মম ও অমানবিক এ ঘটনার ৭দিন অতিবাহিত হলেও অভিযুক্তদের গ্রেফতার বা বিভাগীয় কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নির্যাতিত ইউনুস ফকিরের পরিবারের পক্ষে থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না।
এ সময় মানববন্ধনকারীরা থানায় মামলা গ্রহন এবং নির্যাতনের শিকার ইউনুসের সুচিকিৎসা ও দোষীদের বিচার দাবী করেছেন।
এদিকে, পুলিশ মামলা নিতে অপারগতা জানানোর বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ওসি মাহামুদ হোসেন বলেন, ঘটনাটি পুলিশকে জড়িয়ে, তাই ভুক্তভোগী পরিবারকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। কেননা বিষয়টি নিয়ে আমরা কিছুটা বিব্রতবোধ করছি। তাই আদালতে মামলা করলে এবং বিষয়টি পিবিআই এর মাধ্যমে তদন্ত করলে সকলের জন্য ভাল হবে।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী জানান, ইউনুস ফকিরকে নির্যাতনের ঘটনায় ডিবি পুলিশের কনস্টেবল মো. কাওসার ও মো. আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলামকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পুলিশ হেড কোয়াটার, বরিশাল রেঞ্জ এবং পিরোজপুর জেলা পুলিশ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পিরোজপুর শহরতলীর ঝাটকাঠি এলাকায় অবিস্থিত পুলিশ অফিসার্স মেসের কেয়ারটেকার মো. ইউনুস ফকির (৪০) গত ১৩ এপ্রিল ডিবি পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন। ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলামের কক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে এ অভিযোগে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তবে পরবর্তীতে পুলিশ মেসের পরিচ্ছন্নতা কর্মী শাকিল খানের কাছ থেকে চুরি যাওয়া সমুদয় টাকা উদ্ধার হয়।
নির্যাতিত ইউনুস জানায়, ২০১৮ সাল থেকে পুলিশ অফিসার্স মেসের ৪ তলা ভবনের কেয়ারটেকারের হিসেবে কাজ করে আসছেন। জেলা ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলামের কক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে এ অভিযোগে গত ১৩ এপ্রিল তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়।
তিনি জানান, টাকা চুরির কথা অস্বীকার করায় তাকে (ইউনুস) ওসি আরিফুল হাতকড়া পরিয়ে ভবনের নিচতলায় নিয়ে যায় এবং এলোপাতারিভাবে মারধর করে। পরবর্তীতে ডিবি পুলিশ আরও ৭/৮ জন সদস্য সেখানে গিয়ে তাকে (ইউনুস) নির্মমভাবে পেটাতে থাকে এবং বৈদ্যুতিক শক দেয়। এছাড়া তার দুই পায়ের পাতার নিচে উপর্যুপরি বেদম পিটিয়ে পায়ে রক্তাক্ত ও ফুলা জখম করে। এসময় সে চিৎকার করলে তার মুখে লাঠি ঠেষে দেয় ডিবি পুলিশের সদস্যরা। একপর্যায়ের ডিবি পুলিশ সদস্য কাওসারের নেতৃত্বে ৩/৪ জন জোর করে তাকে রান্না ঘরে নিয়ে যায়। সেখানে তার (ইউনুস) পুরুষাঙ্গে আগুনে মোমবাতি গলিয়ে তপ্ত মোম ফেলে পাশবিক নির্যাতন চালায়। এতে তার পুরুসাঙ্গ ঝলসে গেছে।
ওই দিন সন্ধ্যার পরে ডিবি পুলিশের লোকজন টাকার আদায়ের জন্য তাকে (ইউনুস) তার গ্রামের বাড়িতে নিয়ে গেলে পরিবারের সদস্যরা নির্যাতনের ভয়ে স্থানীয়ভাবে সুদে ১ লাখ ৮০ হাজার টাকা এনে ডিবি পুশিলের ওসিকে দেয়।
এ ঘটনার পরে ইউনুসকে পিরোজপুরের পুলিশ সুপার কাছে নিয়ে যায় ডিবি ওসি আরিফুল ইসলাম। তখন পুলিশ সুপার ইউনুসের কাছ থেকে বিস্তারিত শোনার পর ওই মেসে কাজ করা পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়–দার) শাকিল খানকে ডেকে পাঠান। এসময় জিজ্ঞাসাবাদে শাকিল টাকা চুরির কথা স্বীকার করে এবং পুলিশ সেই টাকা উদ্ধার করে। পরে ইউনুসের দেওয়া টাকা আরিফুল ফেরত দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial