প্রধান সূচি

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত : আহত অবস্থায় আটক আরও একজন

পিরোজপুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরও একজন ডাকাতকে আটক করা হয়েছে।
রবিবার ভোররাতে পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলাল রায়ের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত মো. মহারাজ (৪০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মালুহার গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। তার নামে বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা এ সময় সবুজ হাওলাদার (৩৮) নামে অপর এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত সবুজের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রবিবার রাত আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। এদিকে স্থানীয়দের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায়ের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, কানের বালা ও শাঁখাসহ অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
পিরোজপুর সদর থানায় ওসি মো. রবিউল ইসলাম জানান, ডাকাতি ও নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial