পিরোজপুরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা মানববন্ধন করেছেন। রবিবার বেলা ১২টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জন্য প্রয়োজনীয় গেজেট (জিও) এখনো প্রকাশ না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত পদোন্নতির গেজেট প্রকাশের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত ‘নো প্রমোশন, নো ওয়াক’ কর্মসূচি অব্যাহত থাকবে।
মানববন্ধনে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সংগঠনের সভাপতি মহসিনুল মান্না, ইংরেজি বিভাগের প্রভাষক উজ্জ্বল কুমার হালদার ও হাবিবুল্লাহ হাওলাদার, বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম ও সানাউল্লাহসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
