প্রধান সূচি

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত : জেলা ছাত্রদলের কার্যক্রম স্থগিত

পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার কোন কারণ উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, জেলা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু’র নেতৃত্বাধীন পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হবে।
ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এই স্থগিতাদেশ রহাল থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদেও সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
এদিকে, পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলনের আগমূহুর্তে জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত ও জেলা ছাত্রদলের কমিটি স্থগিত করার বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বিএনপি নেতা বলেন, মঙ্গলবার রাতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির কমিটি গঠনে গোপন ব্যালটের ভোট গণনার সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং একই সাথে জেলা ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি’র পিরোজপুর সদর উপজেলা কমিটি গঠনে মঙ্গলবার কাউন্সিল সম্মেলনে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই এবং একদল ছাত্র-যুবকের হামলার মুখে কাউন্সিল ভন্ডুল হয়ে যায়। পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এদিন বিকেলে ভোট গ্রহণ শেষে ভোট গণনাকালে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এই অনঅভিপ্রেত ঘটনা ঘটে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial