সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকী পালিত
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তহিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, গাজী নুরুজ্জামান বাবুলের ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার প্রমুখ।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং পিরোজপুর জেলার সার্বিক উন্নয়নে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা মিজানুর রহমান (রনি) এবং সদস্য সচিব মাওলানা মিরাজ হোসেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
