পিরোজপুর সদর উপজেলার ভৈরামপুরে বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরামপুর গ্রামে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে কদমতলা ইউনিয়নের মধ্য ভৈরামপুর এলাকার হাওলাদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম (৭০) স্থানীয় মৃত মোক্কাতার হাওলাদারের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে লিটন হাওলাদার স্থানীয়ভাবে আদালা বাড়িতে বসবাস করেন, ছোট ছেলে মহাসিন হাওলাদার সৌদি আরবে কর্মরত, আর মেয়ে স্বামীর বাড়িতে থাকেন।
রোকেয়া বেগম ছোট ছেলের নির্মিত একটি ভবনে একাই বসবাস করতেন।
প্রতিবেশীরা জানান, তিনি একা থাকলেও তার গলায় স্বর্ণের চেইন ও বাড়িতে কিছু নগদ অর্থ ছিল বলে তাদের ধারণা।
নিহতের বড় ছেলে লিটন হাওলাদার বলেন, স্থানীয় চইলশা বাজার থেকে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখি মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো বুঝে উঠতে পারছি না। তবে আমাদের জমি নিয়ে কিছু বিরোধ রয়েছে।
প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে খবর পেয়ে আমরা এসে দেখি রোকেয়া বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ভবনের জানালা ভেঙে কেউ প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পিরোজপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
