পিরোজপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনাসহ সঞ্চয়ের অর্থ প্রদান
পিরোজপুর সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং ৭জন কিশোরীকে প্রণোদনাসহ জমাকৃত সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা ও সঞ্চয়ের অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭জন কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় তাদের জমাকৃত সঞ্চয় এবং ২০০% সরকারী প্রণোদনাসহ সঞ্চয়কৃত সমুদয় টাকা চেকের মাধ্যমে ফেরত প্রদান করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্না আক্তারকে সঞ্চয় ও ২০০% সরকারী প্রণোদনাসহ ২২ হাজার ৮০০ টাকার চেক, জেসিকা জেরিনকে ১৯ হাজার ২০০ টাকার চেক, রূবাইয়া শারমিন কাজলকে ১৯ হাজার ৭০০ টাকার চেক, সানজিদা খানমকে ২১ হাজার ৮০০ টাকার চেক, পারভীন আক্তারকে ১৪ হাজার ৮০০ টাকার চেক, সুমাইয়া আক্তারকে ১৫ হাজার টাকার চেক এবং হাবিবা খানমকে ২১ হাজার ৪০০ টাকার চেক প্রদান করা হয়।

পরে কর্মশালায় অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে।
