পিরোজপুরে যুবক হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়ায় এমদাদুল ফরাজী (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে দুইজনের যাবজ্জীবন কারাদন্ডে আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ আদেশ দেন। একই সাথে আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে মো. হাচান হাওলাদার (৩৫) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে প্রিন্স মোল্লা (৪২)।
নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটর সাইকলে করে আসামীরা পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর এলাকা থেকে তাকে ভাড়া করে ভান্ডারিয়ার চরখালী এলাকায় নিয়ে আসে। সেখান থেকে আসামীরা মোটর সাইকেল যোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় এসে মোটর সাইকেল চালক এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে নিহত এমদাদুল ফরাজীর পিতা খানজাহান আলী ২০০৮ সালের ৪ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামীদের বিরুদ্ধে ২০০৮ সালের ২৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতের বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেন। তবে রায় প্রদানকালে আসামিরা পালাতক ছিল।
