দাখিল পরীক্ষায় নকলের সহায়তার অভিযোগে শিক্ষকের কারাদন্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল আকাইদ ও ফিকহ পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে নামে এক মাদ্রাসা শিক্ষবকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা এ দন্ডাদেশ দেন। কারাদন্ডপ্রাপ্ত মো. জামাল উদ্দিন উপজেলার লাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে প্রভাষক জামাল উদ্দিন নিজের পকেট থেকে প্রশ্নপত্রের উত্তর পত্র স্থানীয় মাদ্রাসার অফিস সহকারীর পকেটে তুল দেয়। এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত দেবনাথ বিষয়টি দেখতে পান এবং তিনি তাদের কাছ থেকে উত্তর পত্র উদ্ধার করেন এবং উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লাকে জানান।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা’র কাছে উক্ত শিক্ষক দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
