নাজিরপুরে ধানক্ষেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক
চলতি মৌসুমে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। বিভিন্ন ওষুধ দেওয়া, ফাঁদ পাতাসহ নানা ব্যবস্থা নিলেও কমছে না ইঁদুরের আক্রমণ। এমতাবস্থায় ধানের ফলন বিপর্যয়ের আশংকায় দিন কাটাচ্ছেন কৃষকরা। এ বছর আমন মৌসুমে আশাকৃত ফলন পায়নি কৃষকরা। তাই বোরো ধানের ওপর ভরসা করে আছে। কিন্তু ধানক্ষেতে ইঁদুরের ভয়াবহ উপদ্রব তাদের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে।
নাজিরপুরের বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় সকল ধানক্ষেতেই ইঁদুরের তান্ডব চলছে। কৃষকেরা বিভিন্ন ওষুধ ফাঁদ ব্যবহার করেও রক্ষা পাচ্ছেন না এবং অনেকেই অবৈধ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতে গিয়ে প্রাণও হারিয়েছে।
শ্রীরামকাঠি, শেখমাটিয়া ও মাটিভাঙ্গা ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন মৌসুমে ধানক্ষেতে পানি বেশি থাকায় ইঁদুরের উৎপাত তুলনামূলক কম থাকে। কিন্তু বোরো মৌসুমেও তা ভয়াবহ রূপ নেয়। উপদ্রপকৃত ইঁদুরগুলো সাধারণ ইঁদুরের চেয়ে আকারে বড়, দেশি বিড়ালের মতো আকৃতি এবং দ্রæতগতির। এগুলো দিনের বেলায় ডোবা, ঝোপঝাড় ও গাছে লুকিয়ে থেকে রাতের বেলা ধানক্ষেতে আক্রমণ করে।
নাজিরপুর সদর ইউনিয়নের কাঠলিয়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ওষুধ, ফাঁদ সব ব্যবহার করছি, কিন্তু ইদুর থামাতে পারি না।
শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের কৃষক ইউসুফ খান বলেন, ধানের গাছ বড় ও সুঠম হওয়ার উপযুক্ত সময় থেকেই ইঁদুর কেটে সব শেষ করছে। কোন কিছুতেই ইদুরের কিছু করতে পারছি না, এতে বোরো মৌসুমেও আমাদের ধানের উৎপাদন কমে যাবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইঁদুরের উপদ্রব তুলনামূলকভাবে অনেক বেশি হওয়ায় কৃষকদের ধানক্ষেতের আশপাশের ঝোপঝাড় পরিষ্কার, নিশান ও কাকাতাড়ুয়া স্থাপন এবং জমিতে গ্যাসবোম প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কৃষকেরা কার্যকর কোনো সমাধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা জানান, ইঁদুর একটি ন্যাচারাল প্রাণী। এক জোড়া ইঁদুর বছরে ৩ হাজারের বেশি বাচ্চা দেয়। তাই ম্যানুয়াল প্রক্রিয়ায় এদেরকে দমন করা খুবই কঠিন। এদেরকে প্রাকৃতিকভাবে দমন করার জন্য বোরো চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে গুইসাপ, বন বিড়াল, শকুন, ঈগল, পেঁচা এদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে এবং চাষাবাদে কীটনাশকের ব্যবহার কমাতে হবে। এরপরেও আমরা কৃষকদের ইঁদুর দমনে লেনির্যাট ফসটকসীন জাতীয় রাসায়নিক ওষুধ ব্যবহার করতে পরামর্শ দিচ্ছি। এছাড়া ইঁদুরের গর্তে ধোয়া ব্যবহার করাসহ ইঁদুর মারার বিভিন্ন বৈধ ফাঁদ ব্যবহারের পরামর্শ দিচ্ছি।
