পিরোজপুরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি
পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছের সুরক্ষায় গাছ থেকে পেরেক (লোহা) অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত শুরু হয়েছে। বুধবার সকালে সার্কিট হাউজ চত্বরে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু বলেন, আমাদের এই কার্যক্রম অফিসিয়ালি এক মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয় ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। সকলের প্রতি আমার আহবান গাছের গায়ে পেরেক বা অন্য কোনো ক্ষতিকর বস্তু না লাগিয়ে সচেতন হোন এবং অন্যদেরও সচেতন করুন। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আমরা অনেক সময় গাছের গায়ে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন লাগাই। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয়, বরং আমাদের নিজেদের জন্যও বিপজ্জনক। কারণ গাছের গায়ে পেরেক লাগানোর ফলে ধীরে ধীরে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যেতে পারে। আমরা শহরকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে চাই।
