মোড়েলগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ইজি বাইকের চালকসহ নিহত-২ : আহত ৩
বাগেরহাটের মোড়েলগঞ্জে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী।
শনিবার বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়।
নিহত ও আহতদের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়া আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন- ইজিবাইক চালক মজনু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৪ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)। হতাহতদের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।
মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত ৫জনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশু রয়েছে।
এদিকে ইজিবাইককে চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ইজিবাইককে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে।
