ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় ৩ ছাত্রশিবির কর্মী আহত
পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় ৩ ছাত্রশিবির কর্মী আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ১২ নেতা ও অজ্ঞাত আরও ২৫ নেতা-কর্মীকে আসামী করে মামলা করেছে ছাত্রশিবির।
রবিবার সকালে উপজেলা ছাত্রশিবিরের নেতা সাইফুল ইসলাম বাদী হয়ে ইন্দুরকানী থানায় এ মামলা করেন।
মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাহাত খান, ছাত্রলীগ নেতা আরিফুর রহমানসহ এজাহারে ১২ জন ও অজ্ঞাত ২৫ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বালিপাড়া গ্রামে ১০/১২ জন ছাত্রলীগ কর্মী বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের তিন কর্মী রিয়াদুল ইসলাম, তরিকুল ইসলাম ও সাইদুল ইসলামের ওপর হামলা করে পালিয়ে যায়। পরে স্থানীয় জামায়েত ইসলামী ও ছাত্রশিবিরের নেতা কর্মীরা রাতেই্ বালিপাড়া বাজারে ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করে এবং আহত তিন শিবির কর্মীকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান ছগিরকে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা প্রকাশ্যে নেই, ছাত্রশিবির মামলা করার জন্য নিজেরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয় আমারা কিছুই জানিনা।
উপজেলা জামায়েতের আমীর মাওলানা আলী হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় বালিপাড়া ইউনিয়নের ৩ ছাত্রশিবির কর্মী আহতর ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইন্দুরকানী থানার পরিদর্শক মো. মারুফ হোসেন জানান, ছাত্রলীগ কর্তৃক ছাত্রশিবিরের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রশিবির। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
