চিতলমারীতে মধুমতির তীব্র ভাঙন || ১০ ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন
প্রদীপ মন্ডল, চিতলমারী :
বাগেরহাটের চিতলমারীতে মধুমতির তীব্র ভাঙনে একই রাতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে। রাতা রাতি সব কিছু হায়িয়ে ক্ষতিগ্রস্থরা ব্যবসায়ীরা চরম হতাশার মধ্যে রয়েছে। যে কোন সময় নতুন নতুন স্থান ভাঙনের কবলে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কায় রয়েছেন। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের শৈলদাহ বাজারে শুক্রবার রাতে মধুমতি নদীর ভাঙনে বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসসহ প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী শাহ আলম শেখ, শাহাদাৎ হোসেন, রহমান শেখ, মোমরেজ খান, লিন্টু খানসহ অন্যান্য ব্যবসায়ীর ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নদী ভাঙনে সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা চরম হতাশায় রয়েছেন।
এদিকে, নদী ভাঙনের সংবাদ শুনে শনিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার পারভেজ, কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ বাদশা মিয়া শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান জানান, ভাঙন কবলিত স্থানে প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে। তবে ভাঙনরোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় নতুন নতুন এলাকা নদী গর্ভে হারিয়ে যেতে পারে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার পারভেজ জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ কল্পে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
