পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ : দুই পক্ষের মধ্যে বাক-বিতান্ডা ও হাতাহাতি
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দুটি গ্রুপ পৃথক পৃথকভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। এসময় দুই গ্রুপের মধ্যে বাক-বিতান্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
আজ রবিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, মুইন উদ্দিন, রোদায়ান রিয়াদ, এমরান আহম্মেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকানে দোকানে গিযে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে।
অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্ত¡র এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানি, শহিদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে একটি মিছিল নিয়ে ছাত্র-জনতার একটি দল শহরে এসে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে এবং টাউন ক্লাব মাঠে সমাবেশ করে।
পরে দুপুর ১টার দিকে শহরের টাউন ক্লাব চত্ত¡র এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এ দুই পক্ষের মধ্যে বাক-বিতান্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানির নেতৃত্বে শহরে লিফলেট বিতরণ শেষে টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে সমাবেশ করছিল। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এসে বাকবিতান্ডায় জড়িয়ে পরে এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুইন উদ্দিন বলেন, ‘এখন যারা নাগরিক কমিটির প্রতিনিধি দাবি করছেন, তারা ৫ আগস্টের আগে সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তারা এখন আওয়ামী লীগকে সুযোগ করে দিতে আবার রাস্তায় নামছে।
ছাত্র প্রতিনিধি আফরোজা আকতার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একই সূত্রে গাঁথা। সারা বাংলাদেশে দুটি সংগঠন একই সঙ্গে কর্মসূচি আসছে। কিন্তু পিরোজপুরে যারা জাতীয় নাগরিক কমিটির কমিটিতে আছেন, তাদের তারা মেনে নিতে পারছেন না।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানি বলেন, আমরা ৫ আগস্টের আগে থেকে রাস্তায় আন্দোলন করে আসছি। এখন যারা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি দাবি করছে, তারা আগে কোথায় ছিল? আমরা আগস্টের শুরুর দিকে তাদের কোথাও দেখিনি। এখন তারা কমিটিতে নাম লেখানোর জন্য আমাদের বিভিন্ন সময় ডিস্টার্ব করে আসছে। আগেও তারা বিভিন্ন সময় আমাদের বাঁধা দিয়েছে। তারা লোক হলো মাত্র ১০ জন, সবাই পদ চায়। তাদের মধ্যে গ্রুপ ছয়টি। পিরোজপুরে যাতে নাগরিক কমিটির কমিটি না হয় সেজন্যই তারা নানা ঝামেলা করে চলছে। আজকে আমাদের কর্মসূচি চলাকালে গায়ে পড়ে এসে হট্টগোল বাঁধিয়েছে।

ঘটনার বিষয়ে পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে বাক-বিতান্ডা হয়। এসময় কিছুটা উত্তেজনার দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের নেতাদের সাথে সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।
