জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ ৮ জনের মৃত্যু’র ঘটনায় তদন্ত কমিটি গঠন
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের শিশুসহ ৮ জনের মৃত্যু ঘটনায় পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে মৃতদেহগুলো পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মনজুর মোর্শেদ আলম (বিপিএম) পিরোজপুর জেলা হাসপাতালে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃতদের পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় পিরোজপর জেলা পুলিশের পক্ষ থেকে পরিবারের স্বজনদের কাছে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে সকালে পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, প্রাইভেটকারটি কুয়াকাটা থেকে এসে নাজিরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে গাড়ির চালক ক্লান্ত ও ঘুমের আচ্ছাদনে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের কদমতলা ইউনিয়নের নূরানী গেট (জ্ঞানেশা) নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা ৪ শিশুসহ ৮জন ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের এলাকার মৃত আসাদ মৃধার ছেলে শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), শিশু সন্তান শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। অপর পরিবারের সদস্যরা হলেন- শেরপুর জেলার দিঘিপাড়া রঘুনাথপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে মো. মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা আক্তর (১২) এবং দুই বছর ছেলে শিশু সোয়াইব।
