পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজীর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলুর ব্যক্তিগত প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীররাতে গাড়িতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ শব্দ টের পেয়ে ঘরে থেকে বের হয়ে আগুন দেখে ডাক চিৎকার করলে বাড়ির সবাই এগিয়ে এলে আগুন নিভাতে সক্ষম হই। আগুনে গাড়ির দুটি টায়ার ও ভিতরের কিছু অংশ পুড়ে গেছে। পুড়ো গাড়িটি পুড়ে না গেলেও গাড়িটি অকেজো হয়ে গেছে।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা গাজী ওহিদুজ্জামান লাভলুর ক্ষতি করতে গভীর রাতে এমন ঘটনা ঘটিয়েছে। এমনকি তারা তাদের অবস্থানকেও জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে।
জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১১-৭২৫১ নোয়া মডেলের গাড়িটি ছিল লাভলু গাজীর পারিবারিকভাবে ব্যবহারের জন্য। গাড়িটি পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকার বাড়িতে রাখা ছিল।
পিরোজপুর সদর থানার ওসি মো. সোবহান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
