সংখ্যালঘু নির্যাতনের বিচারসহ ৮ দফা দাবিতে
পিরোজপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও সমাবেশ
সারাদেশে সংখ্যালঘু ওপর নির্যাতনের বিচারের জন্য দ্রæত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা কমিটি।
রবিবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদের পিরোজপুর জেলার সভাপতি জোতির্ময় হালদার বাবুল, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝী, উপজেলা সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, মহিলা ঐক্য পরিষদের আহবায়ক অপর্ণা হালদার, সদস্য সচিব ঝুমুর সাহা, ছাত্র ঐক্য পরিষদের জয়দেব চক্রবর্তী প্রমুখ।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে এসব মামলাগুলোকে মিথ্যা ও গায়েবি মামলা হিসেবে উল্লেখ করা হয়।
সমাবেশে বক্তারা এসব মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো জাতিসংঘের তত্ত¡াবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানান। তারা সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রæত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূনর্বাসনের ব্যবস্থাসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
এছাড়া অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা, বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে দ্রæত সময়ের মধ্যে ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ ও প্রতিটি হোস্টেলে প্রার্থনা রুম বরাদ্দ করা, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা এবং শারদীয় দুর্গা পূজায় ছুটি ৫ দিন ঘোষণা করা তাদের অন্যতম দাবি বলে উল্লেখ করেন।
