স্বরূপকাঠীতে কুকুরের কামড়ে ১৭জন আহত : ভ্যাকসিন নেই হাসপাতালে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রাম এলাকায় ১৭ জন আহত হয়। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ৬জন শিশু-কিশোর এবং ৫জন বৃদ্ধ রয়েছে। আক্রান্তদের মধ্যে ১৬জন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন অন্যত্র চিকিৎসা নিয়েছেন।
তবে হাসপাতাল থেকে কুকুরের কামড়ের কোন ভ্যাকসিন দেওয়া হয়নি আহতদের। বাইরে ওষুধের দোকান থেকে সকলকে ভ্যাকসিন কিনে আনতে হয়েছে।
উপজেলার কৌড়িখাড়া গ্রামের মো. রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মোটর সাইকেলযোগে বাজারে আসছিলেন। এমন সময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষনাৎ স্থানীয় নেছারাবাদ হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসী থেকে ভ্যাকসিন কিনে নিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নেন।
এদিকে, একই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আরো ১৬জন আহত হয়েছেন। আহতরা হলেন- ইলুহার গ্রামের মো. মারুফ (১৩), ডুবি গ্রামের মো. আব্দুল্লাহ (১৩), বলদিয়া গ্রামের মো. তাওসান (১০), ডুবি গ্রামের গিয়াস (১৫), সুটিয়াকাঠি গ্রামের আমিনা (৮০), একই গ্রামের ডালিয়া আক্তার (৫২), চামী গ্রামের শামসুন্নাহার (৩০), ডুবি গ্রামের ফাতেমা (৪), কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি (১৮), ইলুহার গ্রামের মিমি (১৬), সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান (২৮), উমারেরপাড় গ্রামের মো. সানাউল (২৩), সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০), একই গ্রামের আলমগীর হোসেন (৬৫), আরিফ বিল্লাহ (১৬)। এরা সবাই বাইরে থেকে ভ্যাকসিন কিনে নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই। তবে যারা কামড়ে আক্রান্ত হয়েছেন তারা ভ্যাকসিন কিনে এনে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
